চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলো- জোরারগঞ্জের পূর্ব দুর্গাপুরের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩০), মিরসরাইয়ের মধ্যম মগাদিয়ার মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল কাদের (২৯) ও কুমিল্লার দেবিদ্বার থানার বড়কন্তা গ্রামের মো. আবু হাসেমের ছেলে মো. রবিউল হোসেন (৩০)।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে মিরসরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে মিরসরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্রগুলো গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয়েছিল। এছাড়া মাদক কেনা-বেচা ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতেও এসব অস্ত্র ব্যবহার করতো তারা। আইনি প্রক্রিয়া শেষ করে গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

