চট্টগ্রামের লোহাগাড়া থানার আধুনগর ইউনিয়নে ১৯৯৯ সালে নুরুল কবির হত্যা মামলায় ভাই নুরুল ইসলাম ও তার ৩ পুত্রকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।
সোমবার (২৫ জুলাই) দুপুরে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
মামলা থেকে দুই আসামিকে খালাস দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুরুল ইসলাম, তার পুত্র ওসমান গণি, সারওয়ার কামাল ও আব্বাস উদ্দীন। খালাসপ্রাপ্তরা হলেন- নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে নাছিম আক্তার।
জানা যায়, রুস্তম পাড়ার নুরুল কবির তার বড় ভাই নুরুল ইসলামের পুত্রকে বিদেশ নিয়ে যান। সেই সময় খরচ হওয়া টাকা দাবি করলে নুরুল ইসলাম ও তার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয় ৷ ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর বাড়িতে হামলা চালিয়ে দেশি অস্ত্র দিয়ে চোখে ও মাথায় আঘাত করে নরুল কবিরকে হত্যা করা হয়। এই ঘটনায় নুরুল কবিরের স্ত্রী খালেদা ইয়াসমিন লোহাগাড়া থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ২১ ডিসেম্বর ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। ২০০৩ সালে ১৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। মামলায় আদালতে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ৷ আসামিপক্ষে ৩ জনের সাফাই সাক্ষ্য গ্রহণ করে আদালত।
মামলার বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী বলেন, নুরুল কবির হত্যা মামলায় ভাই নুরুল ইসলাম ও তার তিন পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলা থেকে নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে নাছিমা আক্তারকে খালাস দিয়েছেন আদালত। রায় শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

