দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
৬ জুলাই ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, সংলাপে নির্ধারিত কোনো আলোচ্যসূচি থাকছে না। আলোচ্যসূচি উন্মুক্ত।
প্রতিটি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে থাকে। এ কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।
অতিরিক্ত সচিব জানান, আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সংলাপের চিঠি পাঠানো হবে। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিতে পারবেন।

