চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পরিসংখ্যানের তথ্য ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সঠিক তথ্য দিতে পারবে না। তাই এআই যুগেও নির্ভরযোগ্য সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের তথ্যের ওপরই নির্ভর করতে হবে।
আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চতুর্থ অর্থনৈতিক শুমারির চট্টগ্রাম বিভাগীয় প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে যাদের অর্থনৈতিক শুমারির তথ্য প্রয়োজন, তারা জনস্বার্থে এসব তথ্য ব্যবহার করতে পারবেন। দেশের পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণে সঠিক ও সময়োপযোগী তথ্যের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক বিপিএম বলেন, অর্থনৈতিক শুমারি-২০২৪-এর প্রতিবেদন চট্টগ্রাম বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রতিবেদনের মাধ্যমে বিভাগের সামগ্রিক অর্থনৈতিক চিত্র প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারির পরিকল্পনা ও প্রত্যাশা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়াহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ছরওয়ার কামাল টারজান।

