বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান।

তিনি বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এ ছাড়া বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে তুরস্কের ফার্স্ট লেডি বিশেষ আগ্রহ দেখিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডা. জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের যেসব স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো তুলে ধরেন।

এ ছাড়া পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও  খাল খনন কর্মসূচি সম্পর্কে তিনি তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।

দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।

তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

শামা ওবায়েদ জানান,  জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে তিনি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান, যারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

শামা ওবায়েদ আরও বলেন, ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...