চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি লোহাগাড়ার শাহ সাহেব গেট এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ঘটনার পর চালক মহাসড়কের পাশে বাসটি রেখে পালিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

