চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর ঐতিহাসিক মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার বর্গফুটের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি একটি রাস্তা ও মানুষের হাঁটার জন্য দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর মাধ্যমে এলাকাটিতে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা হবে।
আজ মাদারবাড়ি বালুর মাঠ পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও নেতৃবৃন্দের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, যাদের বৈধ প্লট রয়েছে, তাদের প্লট যথাস্থানেই থাকবে। তবে মাঠের জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে মাদারবাড়ির এই বালুর মাঠকে বেছে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে হালিশহর শিশু পার্ক মাঠ, হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলমান রয়েছে। অন্যদিকে, আগ্রাবাদ জাম্বুরি মাঠের উন্নয়নকাজ শেষ পর্যায়ে রয়েছে। নগরীর অন্যান্য ওয়ার্ডেও নতুন খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করতে খেলার মাঠের বিকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন, মাদারবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কোনো খেলার মাঠ না থাকায় এখানকার ছেলেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিশু-কিশোর ও তরুণদের অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে খেলার মাঠের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, মোজাম্মেল হক ও জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

