চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও জনগণের সম্মিলিত সহযোগিতার প্রতিফলন। এ ধারাবাহিকতা বজায় রেখে সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।
বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এসে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁর এ উদ্যোগ ধর্মীয় উৎসবের প্রতি সরকারের আন্তরিকতা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। উৎসবের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সরকার যে গুরুত্ব দিয়েছে, তা দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রেখেছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছে, তা সারা বছর ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি শারদীয় দুর্গোৎসবের সমাপ্তিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

