চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা সেখানে পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি দোকানদার ও ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার বাইরে পণ্যসামগ্রী না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানান।
নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেয়র।

