প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি তা মানবকল্যাণে ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২ দিনব্যাপী ‘নেক্সট জেনারেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন জানান, গবেষণা তখনই বেশি কার্যকর হয়, যখন বিভিন্ন বিষয় ও দেশের গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান ঘটে। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু বিদ্যমান জ্ঞান বিতরণে সীমাবদ্ধ না থেকে নতুন জ্ঞান তৈরি, উদ্ভাবন এবং ভবিষ্যতের সমস্যার সমাধানে তরুণদের প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা জরুরি। ভবিষ্যৎ শুধু প্রযুক্তি দিয়ে তৈরি হবে না, বরং প্রযুক্তিকে কীভাবে সঠিক ও দায়িত্বশীলভাবে কাজে লাগানো হচ্ছে তার ওপরও নির্ভর করবে। প্রযুক্তি শুধু নতুন ব্যবস্থা বা যন্ত্র তৈরির বিষয় নয়। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, শিল্পের সক্ষমতা বাড়ানো এবং টেকসই নগর গড়ে তোলার সুযোগ তৈরি করতে হবে।
সম্মেলনটি গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তি সংশ্লিষ্টদের মধ্যে নতুন গবেষণা, সহযোগিতা ও যোগাযোগ তৈরির সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

