অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। তবে শেষ পর্যন্ত র্যাবের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তিনি উদ্ধার হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেসার্স রাকিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে অভিযান চালিয়ে আরিফুরকে উদ্ধার করা হয়।
আরিফুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা গ্রামের সামছুল আজমের ছেলে। তিনি বর্তমানে ঢাকার ভাটারা এলাকায় থেকে ফুটপাতে পোশাকের ব্যবসা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকার সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক বন্ধুর সঙ্গে ছিলেন আরিফুর। এ সময় বিকাশে টাকা তোলার কথা বলে তিনি একটু দূরে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় বন্ধু তাকে ফোন করেন, কিন্তু আরিফ ফোন ধরেননি। একপর্যায়ে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে আরিফের বন্ধু বিষয়টি তার পরিবারকে জানান।
পরদিন ১০ সেপ্টেম্বর আরিফের মোবাইল নম্বর থেকে তার ভাইয়ের ফোনে একটি কল আসে। এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে অপহরণকারী পরিচয় দিয়ে আরিফকে জীবিত ফেরত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কয়েক ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর আরিফের ভাই বাদী হয়ে ঢাকার ভাটারা থানায় একটি অপহরণ মামলা করেন।
র্যাব-৭ জানায়, মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অপহৃত আরিফ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে আরিফ জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। এতে তার প্রায় দুই থেকে তিন লাখ টাকার ঋণ হয়। সেই ঋণ শোধ করতেই তিনি নিজে গা ঢাকা দিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করার এই নাটক সাজান।
গ্রেফতার আরিফুরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

