ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ রোববার দুপুরে রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের মাইনী হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে হবেনা, এই অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার ই-কমার্স প্লাটফর্ম উন্মুক্ত করার পাশাপাশি বেকারদের কল্যাণে প্রশিক্ষণসহ নানামুখী সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে।
এই অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং এসব স্কীমের কার্যক্রম বাড়ানোর জন্য কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় নানা ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর বসবাস। এখানে বসবাসরত সকল জনগোষ্ঠীকে রংধনুর সাত রঙের মতো মিলেমিশে কাজ করতে হবে। পার্বত্যাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে বোর্ডের ভূমিকা আরও জোরদার করা হবে।
তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই উদ্দেশ্য নিয়ে ১৯৭৬ সালের ১৪ জানুয়ারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন, সেই উদ্দেশ্য এবং স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, উন্নয়ন সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বীন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন নারীকে সেলাই মেশিন এবং ২৫০ টি স্কুলে মাল্টি মিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।
পরে প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙ্গামাটি শিশু পার্কে ওয়াচ টাউয়ার উদ্বোধন করেন।
এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

