ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিষিদ্ধ বা বাংলাদেশ বিরোধী সংগঠনকে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
একই সঙ্গে তিনি দলীয় নেতা-কর্মীদের জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে নিষিদ্ধ সংগঠনের ‘সন্ত্রাসী কর্মকা-, নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল অবস্থান কর্মসূচির আয়োজন করে। এছাড়া চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন, যাতে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা না ঘটে। দলের নীতি ও নেতৃত্বের নির্দেশনা মেনে রাজপথের কর্মসূচি পরিচালনা করতে হবে। রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদল ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরের দুই নম্বর গেট ষোলশহর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মুরাদপুর হয়ে বহদ্দারহাট মোড়ে সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় এতে যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এদিকে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানা যুবদলের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন সমাবেশে সভাপতিত্ব করেন।

