সকালে প্রার্থিতা বৈধ করে বিকেলে পুনরায় বাতিল করেছে চট্টগ্রাম-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরকে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এতে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, ‘সকালে প্রার্থীতা বৈধ করে কিভাবে বিকালে প্রার্থীতা বাতিল করেছে তা নিয়ে আমার আইনজীবীরা দেখছেন। আইনজীবীদের পরামর্শে কাজটা শেষ করেনি। আশা করি, আমাকে আটকে রাখতে পারবে না।’
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

