চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯নম্বর (বর্তমান ৪নম্বর) বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজ হিতৈষী মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দিন বিএসসি’র ১০ম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫১ সালের ২৯ মার্চ তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ) বরকল ইউনিয়নের পূর্ব কানাই মাদারী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম নগরের চকবাজারস্থ বাসায় ইন্তেকাল করেন এই প্রথিতযশা শিক্ষক ও জনপ্রতিনিধি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর। তাঁর পিতা মরহুম কামাল উদ্দিন আহমদ মাস্টার এবং মাতা মরহুমা আনোয়ারা বেগম। শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং দীর্ঘদিন বরমা ইউনিয়নের কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও দক্ষতার জন্য তিনি এলাকাবাসীর আস্থাভাজন হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ১৯৯২ সালে বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দু’দফা দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, পূর্ব কানাই মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, এবং দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য জীবনে শিক্ষা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিকসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সমাজে রেখেছেন অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
