চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে হাফেজ মোহাম্মদ রমজান আলী (৪২) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তরা ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ভূজপুর ইউনিয়নের রাবারড্যামের পশ্চিম পাশে রঈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রমজান আলী ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপাড়ার গনি মেম্বার বাড়ির বাসিন্দা মোহাম্মদ হারুনের পুত্র।
জানা যায়,রমজান আলী দীর্ঘদিন ধরে রাবারড্যাম এলাকায় কুলিং কর্নার ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রমজান আলীর পথরোধ করে। পরে অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে রমজান আলীকে উদ্ধার করে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএএইচ শাহজাহান চৌধুরী শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে পায়ে গুলি ছোড়ে এবং টাকা ছিনিয়ে পালিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেকে পাঠানো হয়েছে।”
