চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্ত এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অভিযানে ৩০ কেজি গাঁজা আটক করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) রাতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলী এলাকায় টহলদল ফাঁদ পেতে অবস্থান নেয়। রবিবার রাতে ভারতীয় সীমান্ত অংশ থেকে তিনজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়। এ সময় চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায় এবং দু’টি বস্তা ফেলে দেয়। পরবর্তীতে বস্তা দুটি থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, সীমান্তে মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে জনগণের সহযোগিতা অতীব প্রয়োজন। এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
