স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জেলা কুমিল্লার সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২ হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে (৪৫৩ কোটি টাকা)।
এলজিইডির নেওয়া প্রকল্পের নাম ‘কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’। এটি ২০২৫ থেকে ২০৩০ মেয়াদে বাস্তবায়নের কথা বলা হয়েছে।
ডিপিপি অনুযায়ী, প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত ও পুনর্বাসন, সেতু ও কালভার্ট নির্মাণ, ‘ইউনিব্লক’ দিয়ে গ্রামের রাস্তা উন্নয়ন, গ্রোথ সেন্টার বা গ্রামীণ বাজার উন্নয়ন ইত্যাদি কাজ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এসব কাজ শেষ হলে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন হবে। স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষি ও কৃষি অর্থনীতি এগিয়ে যাবে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও সড়ক রক্ষণাবেক্ষণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি বরাদ্দ পেত কুমিল্লা। সর্বশেষ পাঁচ অর্থবছরের মধ্যে তিন অর্থবছরেই এলজিইডির রাস্তাঘাট রক্ষণাবেক্ষণে বরাদ্দের তালিকায় শীর্ষে ছিল জেলাটি। দুই অর্থবছরে ছিল তৃতীয়।
বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বাড়ি কুমিল্লায় (নির্বাচনী আসন কুমিল্লা-৯: লাকসাম ও মনোহরগঞ্জ)। পাশাপাশি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাড়িও কুমিল্লা (নির্বাচনী আসন কুমিল্লা-১০: সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট)। তাঁরা প্রভাব বিস্তার করে বেশি অর্থ বরাদ্দ নিতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছে, বিগত সরকারের সময় অগ্রাধিকার পাওয়া কুমিল্লায় এবার নিয়মিত বরাদ্দের বাইরে আলাদা প্রকল্প নেওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারে প্রথমে শ্রম ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিন মাসের মাথায় হাসান আরিফকে সরিয়ে স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয় আসিফ মাহমুদকে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের (ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষিত) আগে পদত্যাগ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন বলে আলোচনা আছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুমিল্লাপ্রীতি
নুশরাত রুমু, নোয়াখালী

