চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে জানে আলম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীর ওরফে আলম নিহত হয়েছেন। তিনি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব রাউজানের সিদ্দিক চৌধুরী বাড়ির আবদুস সত্তারের ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার পৌরসভার রশিদারপাড়া সড়কে গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আলমগীর ওরফে আলমকে (৫০) যুবদল নেতা দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার।
হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাম আকবর খোন্দকার বলেন, শনিবার বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরী বাড়ির পৌরসভা যুবদল নেতা আলমগীরকে তার বাড়ির অদূরে কায়কোবাদ জামে মসজিদের পাশে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে খুন করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

