ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার বলেন, আল্লাহ্ তা’আলা তার সৃষ্টিকুলে মানুষকেই সৃষ্টির সেরা মর্যাদায় সৃজন করেন এবং এ মর্যাদার যথার্থ প্রতিফলনে তার অনুসরণ জরুরী। তিনি হযরত আদম আলাইহিস্ সালাম থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেন। সব শেষে খাতামুন নাবীয়্যীন, সায়্যিদিল মুরসালীন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সর্বোত্তম আদর্শ করে প্রেরণ করেন। তিনি কুরআন মাজীদের আয়াত উদ্ধৃত করে আরো বলেন, আল্লাহ্’র সন্তুষ্টি ও নৈকট্য অর্জনে আল্লাহ্’র অনুসরণের সাথে সাথে তার রাসূলেরও অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ্’র অতুলনীয় আদর্শ অনুসরণেই নিহিত মানুষের শ্রেষ্ঠত্ব। তাই নামায ক্বায়িমের পাশাপাশি মানুষের কল্যাণে এবং মানবাধিকার সুরক্ষিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আল্লাহ্’র দীন তথা ইসলামী শাসনতন্ত্র ক্বায়িমে স্ব স্ব অবস্থান থেকে সকল মুসলমানের ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, রাসূলুল্লাহ্ (সা.)-এর শুভ আবির্ভাব উপলক্ষে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন হল আল্লাহ্’র প্রতি মুসলিম উম্মাহ্’র কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের ‘আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়াম’-এ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, মানবাধিকার রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ হোসেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্মীয়) মাওলানা আহমদ রেজা খানের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক (কৃষি) রুবায়েত রাশেদ।
বক্তব্য রাখেন সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মোহাম্মদ শাহ্ আলম, সহকারী শিক্ষক (ব্যবসায়) মোহাম্মদ ইসমাঈল, সহকারী শিক্ষক (ইংরেজী) মোহাম্মদ জানে আলম, সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) শাহানুর আফরোজা , সহকারী শিক্ষক (ব্যবসায়) ফারহানা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে খতমে কুরআন মাজীদ সম্পন্ন করা হয়। দ্বিতীয় পর্বে হামদ, না’তে রাসূল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বিষয়ে বক্তব্য এবং ইসলামী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। তৃতীয় পর্বে মীলাদ-ক্বিয়াম, ঈসালে সাওয়াব ও মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত করা হয়।
