খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামগড় জোন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী ও খেলাধুলার উপকরণ তুলে দেওয়া হয়।
রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষা উন্নয়নের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, স্থানীয় কার্বারী মেলাপ্রু, সাবেক ইউপি সদস্য মংলাইগ্য মগ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা। বিজিবির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, “এ ধরনের সহায়তা দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।”

