স্বকাল শিশুসাহিত্য সংসদ, চট্টগ্রাম প্রবর্তিত ‘স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ আজ ঘোষণা করা হয়েছে। এই বছর পদ্য শাখায় ‘কিচিরমিচির ছড়ার পাখি’ ছড়া গ্রন্থের জন্য কবি ও শিশুসাহিত্যিক আহসান মালেক এবং গদ্য শাখায় ‘বন পাহাড়ের দত্যি’ গল্পগ্রন্থের জন্য কবি ও কথাসাহিত্যিক দীপক বড়ুয়া এই পুরস্কার পাচ্ছেন।
কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্বকালের পরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি ও শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, স্বকাল পরিচালনা পর্ষদ সদস্যদের মধ্যে কবি আজিজ রাহমান, কবি আবুল কালাম বেলাল, কবি অমিত বড়ুয়া এবং গল্পকার ইফতেখার মারুফ। আগামী মাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ সম্মানী, ক্রেস্ট এবং সনদ।
