চট্টগ্রাম নগরীর ইপিজেডের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুই শতাধিক দোকান। এ সময় হুড়োহুড়িতে নামতে গিয়ে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে কলসিদিঘি এলাকার ধুমপাড়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলসিদিঘি এলাকার ধুমপাড়া মার্কেটে কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ আগুন দেখা যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এ ঘটনায় বেশির ভাগ দোকান মালিকই বের করতে পারেননি তাদের শেষ সম্বলটুকু। সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। হুড়োহুড়িতে নামতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান এক বৃদ্ধ।
চট্টগ্রাম আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে বাতাসের প্রচণ্ড গতিবেগ ও রাস্তা সরু থাকায় কাজ করতে বেগ পেতে হয়।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে বলে দাবি মালিকদের।

