চট্টগ্রাম নগরীর সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয় ও ইপিজেডের মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়েছে।
রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব অভিযান চালিয়ে পাম তেল জব্দ করে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ও র্যাব সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে নগরের সল্টগোলার ঈশান মিস্ত্রির বাজারে অবস্থিত মেসার্স আসাদ বাণিজ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানি মো. ইলিয়াস হোসেন আগের দামে অর্থাৎ ১৩৩ টাকায় কেনা সয়াবিন ও ১২৭ টাকায় কেনা পাম তেল কিনেছিলেন। কিন্তু তেলগুলো তিনি এখন বর্তমান দামে বাজারে বিক্রি করছিলেন। পাশাপাশি দোকানের গুদামে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পাম তেল পাওয়া যায়। এ জন্য দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করে তেলগুলো আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ওই অভিযানের পর তাৎক্ষণিকভাবে ইপিজেড মাইলের মাথায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে অপর দোকানে আগের দামে কেনা তেল নতুন দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওই দোকানের গুদামেও একই পরিমাণ পাম তেল পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
মূলত ঈদের আগে পুরোনো দামে তেলগুলো কিনেছিলেন দুই দোকানি। এখন নতুন ধরে বেশি দামে বিক্রি করতে মজুত করে রেখেছিলেন। তাই পুরোনো দামে কেনা তেল নতুন দরে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

