নগরের আসকারদিঘীর পাড়ে দিনেদুপুরে রোকসানা আক্তার রোমিও (৪২) নামের এক নারীকে ভাঙা কাঁচের টুকরো দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে এক যুবক।
বুধবার সকাল ৮টার দিকে মোহাম্মদ রিপন নামের এক যুবক এ ঘটনা ঘটায়। পুলিশ তাকে আটক করেছে। অন্যদিকে আহত ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত নারীর স্বামীর নাম মো. ইব্রাহীম। তারা থাকেন ওয়াসা মোড় এলাকায়। গতকাল সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে কাঁচের ভাঙা টুকরো দিয়ে ওই নারীর পেটের ডান পাশে আঘাত করে পালিয়ে যায় রিপন।
খবর পেয়ে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান তার স্বামী। পরে তাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অন্যদিকে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশে থাকা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত মো. রিপনকে রিয়াজউদ্দিন বাজার থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রিপনের বাবার নাম আবুল কালাম। গ্রামের বাড়ি ব্রা²মণবাড়ীয়া জেলার আখাউড়া থানাধীন মুকুন্দপুরে। বর্তমানে থাকেন নগরের কাজীর দেউড়ি এলাকায়। ওই নারীকে ছুরিকাঘাতে ব্যবহৃত ভাঙা কাঁচের টুকরো রিপনের কাছ থেকে জব্দ করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, কি কারণে হামলা করেছে তা এখনো জানা যায়নি। তদন্তের পর বলা যাবে। রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি।

