নগরীর চেরাগী পাহাড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ‘ছাত্রলীগকর্মী’ আসকার বিন তারেক ইভান হত্যা মামলার আসামি সৌরভ দাশকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।
সৌরভ দাশ চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের শেবন্দী গ্রামের কৃষ্ণ দাশের ছেলে। মঙ্গলবার ভোর ৬টায় লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ মজুমদারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, চেরাগী পাহাড়ে আসকার বিন তারেক ইভান হত্যা মামলার আসামিদের ধরতে ফেনী, বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। অবশেষে মঙ্গলবার ভোরে লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ মজুমদারপাড়া থেকে সৌরভ দাশকে গ্রেফতার করা হয়।
সৌরভকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত গত ২২ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান নিহত হয়।
নিহত ইভান জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

