চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. তৈয়ব ওরফে ডাকাত তৈয়বকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার তৈয়ব উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত আব্দুল হক প্রকাশ বদনীর ছেলে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর রাত ৯টায় নোয়াপাড়া এলাকার হাকিম চৌকিদারের বাড়িতে জমিজমা সংক্রান্ত বিষয়ে মো. হারুন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, ‘গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে মো. তৈয়ব ওরফে ডাকাত তৈয়বকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তৈয়ব হত্যা মামলার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে রাউজান থানায় ১টি অস্ত্র আইনে মামলা রয়েছে; যে মামলায় তার বিরুদ্ধে ১১ বছর আগে ওয়ারেন্ট হয়। তৈয়বকে রাউজনা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকতা।

