কোতোয়ালী থানাধীন লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো. ইকবাল উদ্দীন চৌধুরী ও তার স্ত্রী সখিনা ফাতেমা।
কোতোয়ালী থানাসূত্রে জানা যায়, ফ্লাইওভারের শেষ প্রান্তে ইস্পাহানী মোড়ে রাস্তার উপর মোটর সাইকেল আরোহী নিহত ইকবাল উদ্দীন চৌধুরী ও তার স্ত্রী সখিনা ফাতেমা পৌঁছিলে পিছন দিকে থাকা ম্যাক্স কোম্পানীর নিয়ন্ত্রনাধীন টাটা কোম্পানীর সিমেন্ট ও কংকর মিক্সার করার মেশিন সংযুক্ত ট্রাক তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজনে ঘটনাস্থলে মৃত্যুবরন করেন। উক্ত মিক্সার ট্রাকটি আটক করা হয়েছে, ড্রাইভার পলাতক। মৃতদেহ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

