চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গী বাজার এলাকা থেকে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য ২ কেজি বন্যহাতির দাঁত উদ্ধারসহ মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব ৭।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে র্যাব ৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলার রামু থানাধীন মেরংলোয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে শাহনেওয়াজ বাবুল।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে অবৈধভাবে বন্যহাতির দাঁত সংগ্রহ পূর্বক বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে, এমন খবরে ফিরিঙ্গী বাজার এলাকায় রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার সাথে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ২ টি বন্যহাতির দাঁত উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ২টি বন্যহাতির দাঁতের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিয়ে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।

