নগরীতে ফলের আড়ত থেকে ৮ লাখ টাকা চুরির ঘটনায় আরেক আড়তের কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়া এবং মাদকে আসক্ত হয়ে ওই কর্মচারী চুরিতে জড়িয়ে পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, মো. ছালেহ আহমদ প্রকাশ শাহীন (২৪) ফলমন্ডি এলাকায় ফলের দোকানে চাকরি করতো। চাকরি করতে করতে এক সময় সে নেশার জগতে জড়িয়ে পড়ে। নেশার পাশাপাশি জুয়াও খেলতে থাকে। জুয়া খেলতে গিয়ে সে বেতনের টাকা যা পায় সব জুয়া খেলায় উড়িয়ে দেয়। একপর্যায়ে জুয়ার টাকায় সে আর্থিক সংকটে পড়ে। জুয়ার টাকা যোগাড় করতে গিয়ে রুহুল আমিন এন্টারপ্রাইজ নামে একটি দোকানের ক্যাশবাক্স থেকে ৮ লাখ ২৮ হাজার টাকা চুরি করে। এ ঘটনায় দোকানের মালিক মো. ইমতিয়াজ একটি মামলা দায়ের করেন।
গত বুধবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ছালেহ আহমদ প্রকাশ শাহীন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বাঁরগাও ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন জানান, গত ৩ ফেব্রুয়ারি আমিন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. ইমতিয়াজ রাতে দোকান বন্ধ করে একটি দোকান থেকে চা পান করেন। চায়ের টাকা দিতে গিয়ে পকেটে টাকা না পেয়ে দোকানে আসেন টাকার জন্য। দোকানে ঢুকে দেখেন পিছনের শার্টার দিয়ে এক লোক পালিয়ে যায়। পরে ক্যাশ চেক করে দেখেন তার ক্যাশে টাকা নেয়। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

