কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানচাপায় চার ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ দিন আগে মারা যাওয়া বাবার জন্য শ্রাদ্ধ শেষে বাড়ি ফিরছিলেন তারা।
নিহতরা হলেন- উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের সুরেশ চন্দ্র সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৬), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও নিরুপম সুশীল (৪০)। আহতরা হলেন- প্লাবন সুশীল, রক্তিম সুশীল, স্মরণ সুশীল ও হীরা সুশীল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন জানান, নিহতদের বাবা ১০ দিন আগে মারা যান। বাবার জন্য শ্রাদ্ধ (ক্রীয়া কর্ম) দিয়ে বাড়ি ফিরতে একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন।
তাদের স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গাড়িটি শনাক্ত করা যায়নি। মরদেহগুলো তাদের পরিবারের কাছে রয়েছে।
মালুমঘাট এলাকার বাসিন্দা ডুলাহাজারা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম আর মাহবুব জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে মালুমঘাট এসে বসতি গড়ার পর সুরেশ চন্দ্র শীল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন। তার ছেলেরা কুতুবদিয়ায় থেকে বাবা-মায়ের কাছে আসা যাওয়া করতেন। ১০ দিন আগে ডা. সুরেশ পরলোক গমন করেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ করতে সন্তানরা পরিবারসহ রিংভংয়ে বাবার বাসায় অবস্থান করছিলেন। ধর্মীয় রীতি অনুসারে ভোরে সন্তানরা শ্রাদ্ধ করতে বের হন। বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় চার ভাই মারা যান।

