জাতির পিতাকে হত্যা করার পর ইসলামের নাম নিয়ে অনেকে ক্ষমতায় এসেছে, কিন্তু ইসলাম ধর্ম প্রচার-প্রসারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সরকারে আসার পর প্রতিটি জেলায় ইসলামি ফাউন্ডেশনের জন্য অফিসের ব্যবস্থা করে দিই ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।’
সরকার প্রধান আরো বলেন, ‘৯৬ সালে আমি যখন সরকার গঠন করি তখন ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কোনো ভবন ছিল না। আমি ১০তলা ভবন নির্মাণ করে দিই। সব জেলায় স্থায়ী অফিস ছিল না, মাত্র ৩৪টি জেলায় অফিস ছিল।’
মডেল মসজিদ উদ্বোধন শেষে শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজার সদর ও খুলনার ফুলতলা উপজেলা মডেল মসজিদের সঙ্গে যুক্ত হয়ে ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

