কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এতে বাসের আরও ৬ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে চাকরি হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় অভিযুক্ত বিসমিল্লাহ পরিবহনের বাসটি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ জানান, ঢাকা থেকে ছেড়ে একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত ছয় যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ জাবেদ আরও জানান, দুর্ঘটনার পর কক্সবাজার চট্টগ্রাম সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

