চন্দনাইশে ৫ বছর আগে এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি শিপনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০১৭ সালের ১৮ ফেব্রæয়ারি চন্দনাইশে ৫ বছর বয়সী এক শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশি শিপন শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা ওইদিনই চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে কর্মকর্তা মামলার তদন্ত শেষে শিপনের বিরুদ্ধে ২০১৭ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এ বিচারাধীন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আসামি শিপন আত্মগোপন করে বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে। অবশেষে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার চাতুরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

