সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ। বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না।
মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আকবর হোসেন খান দুলুর (ফারুক) মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নায়ক ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু তাকে খুবই ভালোবাসতেন এবং পছন্দ করতেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি আওয়ামী লীগের আদর্শ ধারণ করেছিলেন। পরে তিনি সংসদ সদস্য হয়েছিলেন।
তিনি বলেন, আদর্শের প্রশ্নে ফারুক ছিলেন অবিচল, পাহাড়ের মতো অনড় এবং আপসহীন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি তার এলাকাবাসীর জন্য কিছু করতে পারেননি। তার আগেই তিনি অসুস্থ হয়ে যান। শেষে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতলে কোমায় ছিলেন।
এর আগে, বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে কিংবদন্তি এ অভিনেতাকে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়।

