এনজিও কর্মীর সঙ্গে ব্ল্যাকমেইলিং করে ব্যক্তিগত বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দু’জন একইভাবে অর্ধশতাধিক নারীর সঙ্গে ব্ল্যাকমেইলিং করে টাকা হাতিয়ে নিয়েছে বলে র্যাব জানিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চৌমুহনী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার জহির উদ্দিন (৩২) এবং মো. সরোয়ারের (২৪) বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ অধিনায়ক মেজর মো. রেজোয়ানুর রহমান জানান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের মিথ্যা পরিচয়ে জহির পেকুয়ার এক এনজিও কর্মী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়।
বিভিন্নসময়ে তরুণীর ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলিং শুরু করে। তাকে নগ্ন ছবি ও ভিডিও পাঠানো এবং শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দেয়। তরুণী রাজি না হওয়ায় তাকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য চাপ দেয়, না হলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
‘তরুণী টাকা দিতে রাজি হন। কিন্তু দিতে দেরি হওয়ায় ছবি ও ভিডিও জহির তার ঘনিষ্ঠ সরোয়ারের হোয়াটস অ্যাপ নম্বরে পাঠিয়ে দেয়। সরোয়ার আবার তরুণীকে ফোন করে চাপ দেয়। এরপর ছবি ও ভিডিও তরুণীর চাচাতো ভাইয়ের কাছে পাঠায়। তখন চাচাতো ভাইকে তরুণী ঘটনা খুলে বলার পর তারা র্যাবের শরণাপন্ন হন।’
মেজর রেজোয়ান আরও জানান, গ্রেফতার জহির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, এনজিও কর্মী তরুণীর এক সহকর্মী নারীর সঙ্গেও সে একইভাবে প্রতারণা করে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। একইভাবে প্রায় অর্ধশতাধিক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের কথা স্বীকার করেছে।

