চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষকদের ওপর গুলি চালিয়েছে ওয়েস্টার্ন মেরিন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাড়াটিয়া লোকজন। পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংয়ে বাঁধা দিলে তাদের ওপর গুলি চালায় প্রতিষ্ঠানটির লোকজন। এসময় স্থানীয় ৮ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। ৩০ সেপ্টেম্বর,( বৃহস্পতিবার) সকালে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন, মো. নুরুল হাসান (৫০), আব্দুল মালেক (৫০), ফয়েজ আহমদ (৬২), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬)। আরেকজনের নাম জানা যায়নি। তবে নুরুল হাসান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, নদী থেকে বাল্ ুউত্তোলনে ব্যবহৃত পাইপ কার জমির ওপর দিয়ে নেয়া হবে এবং উত্তোলনকৃত বালু কোথায় রাখা হবে, এ নিয়ে স্থানীয় কৃষকদের সাথে বাকবিতন্ডতা জড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন। একপর্যায়ে গ্রামবাসীর উপর গুলি ছুড়েন টিকদার প্রতিষ্ঠানটির লোকজন। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক বলেন, সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৭ জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এদিকে অভিযোগ উঠেছে জামাতের সাবেক কেন্দ্রীয় নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে রুহুল্লাহ গুলি বর্ষনের ঘটনায় নেতৃত্ব দেন। রুহুল্লাহ বর্তমানে চরতী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ।

