জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো প্রকার সমঝোতার প্রশ্ন অবান্তর বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার ভিত আরও মজবুত করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জামায়াত ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ কোনো প্রকার সমঝোতায় আসছে কি না—এমন প্রশ্নকে অবান্তর উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই বাংলাদেশের অভ্যুদয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে আওয়ামী লীগ।’
বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে সে হারে আমাদের দেশে বৃদ্ধি করা হয়নি।’
পরে তিনি রাজশাহীতে ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নেন। রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।

