নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি জমা দেয়ার পরিবর্তে অনলাইনে জমা দেয়ার বিধান রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
কমিশনের আগামী সভায় মনোনয়ন জমার প্রক্রিয়া বাস্তবায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। ভবিষ্যতে সবকিছু অনলাইনে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আহসান হাবিব খান বলেন, ‘এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শোডাউন দিয়ে মনোনয়ন জমা দেন। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়াড় নেই, তাহলে জিতে লাভ কী?’
ইসির এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে এরই মধ্যে আইসিটি বিভাগ একটি প্রেজেন্টেশন দিয়েছে বলে জানান আহসান হাবিব খান। তিনি জানান, মনোনয়ন জমায় যাতে অসুবিধা না হয় বিবেচনায় রাখা হবে সেটিও।
পরিকল্পনার প্রয়োগ কীভাবে হবে সেটি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘প্লাটফর্ম রেডি হওয়ার পর প্রথমে ছোট ছোট নির্বাচনে পাইলট হিসেবে শুরু করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোতে সফল হলে জাতীয় নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেয়ার ব্যবস্থা করা হবে।’
অনলাইনের পাশাপাশি কেউ চাইলে সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রাখা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্ত কিছু বিবেচনা করেই অনলাইনে করা হবে। দুইটা অপশন থাকবে না।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আহসান হাবিব খান বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর ৫০০ এর বেশি নির্বাচন ইভিএমে করেছি। সেখানে কোনো সমস্যা হয়নি। স্বচ্ছতা-আন্তরিকতা নিয়ে কথা বলেন। কমিশনের সিদ্ধান্ত ছিল ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু আমার ইচ্ছে শতভাগ কেন্দ্রে ইভিএমের ব্যবস্থা করা। আমরা এখন পর্যন্ত ইভিএমে ভোটের ব্যাপারে অনড়। আর্থিক ব্যাপারটি বিবেচনা করে প্লানিং কমিশন মূল্যায়নের পর সিদ্ধান্ত জানাবে।’
যুক্তরাষ্ট্র আমাদের কোনো দুর্বলতার কথা জানালে ঠিক করে নেব

