ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাসের চুলায় আগুন ধরানোর পর গ্যাস লিকেজ থেকে সেই আগুন ছড়িয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার(৭জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।
অগ্নিদগ্ধ পাঁচজন হলেন- জোসনা আক্তার (২৫), মনজুরুল ইসলাম (৩২), সাদিয়া আক্তার (১৮), হোসনে আরা (২০) ও মরিয়ম (১৮ মাস)। মনজুরুল ইসলামের প্রতিবেশী মো. সুফিয়ান বলেন, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রান্নাঘরে আগুন ধরাতে গেলে হঠাৎ সেখানে আগুন ধরে যায়।
তবে ধামরাই থানার এসআই রবিউল ইসলাম বলেন, ধামরাইয়ের ইসলামপুরের বাসায় আগুনে একই পরিবারের পাঁচজন কীভাবে অগ্নিদগ্ধ হলেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক এস এম আইয়ুব হোসেন জানান, ধামরাই থেকে আসা মনজুরুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী জোসনা আক্তারের পুড়েছে ৪০ শতাংশ । আর সাদিয়া আক্তারের পুড়েছে ৭৫ শতাংশ। এ ছাড়া হোসনে আরার পুড়েছে ২৫ শতাংশ। আর মরিয়মের পুড়েছে ১৫ শতাংশ।

