চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বৈরাগ থেকে ৯৩ হাজার ৪শ’ পিচ ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কর্ণফুলী থানার বৈরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।। মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
আব্দুর রহিম কর্ণফুলী থানার বদলপুরা গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলীর বৈরাগ এলাকা থেকে মাদক বিক্রেতা আব্দুর রহিমকে আটক করা হয়। পরে তার দেখানো মতে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিলো।
পরে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয় বলে তিনি জানান।
র্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মাদক বিক্রেতা দীর্ঘদিন থেকে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। উদ্ধার ইয়াবার বাজারমূল্য দুই কোটি ৮০ লাখ টাকা।

