চট্টগ্রাাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যরা। এসময় ওই যাত্রীকে আটক করা হয়। স্বর্ণগুলোকে একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করছিলেন তিনি।
আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে এ স্বর্ণ পাওয়া যায়। বিকেলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। আটক যাত্রীর নাম জসিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহ ফেরত এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ফ্লাইট একটি ফ্লাইট অবতরণ করে। ওই যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করা হয়।
এ সময় ২ কেজি ৯০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ কেজি ৪২৩ গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করা হয়। আটক করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ বলেন, ওই যাত্রীর স্বর্ণগুলো একটি কুকিং মেশিনের ভেতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা। ওই যাত্রী স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

