সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করে বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি মেট্রোরেল করেও প্রমাণ করেছেন, ‘ইয়েস, উই ক্যান’। ওবায়দুল কাদের বলেন, আজ অতি আনন্দের দিন, রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিন। এখন আর মেট্রোরেল স্বপ্ন নয়, এটি বাস্তব, দৃশ্যমান। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যে আরেকটি পালক যুক্ত হলো।
মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি সুধী সমাবেশে ভাষণ দেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেছেন, বিভিন্ন অপবাদ দেওয়া ব্যক্তিরা মেট্রোরেল নিয়ে দুর্নীতি হয়েছে, তা বলতে পারছেন না। তাঁরা এখন বলছেন, মেট্রোরেলের ভাড়া বেশি। আসলে সবই তাঁদের মনের জ্বালা। শেখ হাসিনা পদ্মা সেতু করে ফেলেছেন। মেট্রোরেল, শত সড়ক, শতভাগ বিদ্যুৎ, বিনা পয়সায় টিকা—সবই দিয়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তাই তাঁরা (বিরোধীরা) ভাবছেন, সবই বুঝি গেল!
বিভিন্ন সময় সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে অপবাদকারীদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বীরের জাতি, চোরের জাতি নই। আসলে ওরা (অপবাদকারী) অন্তরের জ্বালায় মরে। জোড়াতালি দিয়ে নাকি পদ্মা সেতু বানানো হয়েছে। এখন যাচ্ছেন কীভাবে সমাবেশ করতে? তিন ঘণ্টায় চলে গেলেন, আবার বড় বড় কথা বলেন!’
প্রধানমন্ত্রী নারীদের কথা চিন্তা করেন, তাই মেট্রোরেলে তাঁদের জন্য আলাদা বগি আছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, একটা বগি শুধু নারীদের জন্য রাখা হয়েছে। অন্য বগিতেও নারীরা বসতে পারবেন। তবে এ বগিটা শুধু নারীদের জন্যই সংরক্ষিত থাকবে। বীর মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোতে চড়তে পারবেন বলে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

