জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের মাইক্রোফোন (বুম) কেড়ে নেওয়া পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার(১২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে গণ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বলছে, সাংবাদিকের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমান। তাঁকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
গতকাল রোববার সরাসরি সম্প্রচারের সময় বেসরকারি নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমানের কাছ থেকে বুম কেড়ে নেন শাহিনুর।
সাইদ আরমান জানান, গতকাল জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ পত্র জমা দিতে যান। তাঁরা পদত্যাগ পত্র জমা দিয়ে যাওয়ার পর সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় বেলা দুইটার সংবাদে লাইভ দেওয়ার সময় পুলিশ সদস্য শাহিনুর বুম কেড়ে নেন। তাঁকে জোর করে সরিয়ে দেন।
সাইদ আরমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। গতকাল বিবৃতিদিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ডিআরইউ। বিবৃতিতে একে ‘ন্যক্কারজনক’ ঘটনা হিসেবে অভিহিত করে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

