শনিবার, ২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রামবাসী

- Advertisement -
Single page 1st Paragraph

রাত পোহালেই চট্টগ্রামের পলোগ্রাউন্ডে শুরু হবে আওয়ামী লীগের জনসভা। যেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভার স্থল পলোগ্রাউন্ডে এরই মাঝে প্রস্তুত হয়েছে নৌকা আকৃতির ৩ হাজার ৫২০ বর্গফুট বিশিষ্ট দৃষ্টিনন্দন মঞ্চ। নান্দনিক সৌন্দর্যে ভরপুর নৌকার আকৃতিতে তৈরি মঞ্চটিতে বসতে পারবেন প্রায় ২০০ জন নেতা। পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসবেন কারা সেটি চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ ও কেন্দ্রীয় আওয়ামী লীগ। বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রী যে মঞ্চে বক্তব্য দেবেন সেই মঞ্চে সাজসজ্জার কাজ চলছে। নতুন আঙ্গিকে সেজেছে মাঠসহ আশপাশের এলাকা। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় চট্টগ্রামবাসী। সমাবেশ সফল করতে গত এক মাস ধরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলছেন, এই জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটবে। গানের সুরে সুরে চলছে মাইকিংসহ প্রচার–প্রচারণাও।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী যে সব এলাকা দিয়ে জনসভাস্থলে পৌঁছাবেন এবং জনসভা শেষ করে ফিরে যাবেন সেসব এলাকাকে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেওয়াল লিখন, আলোকসজ্জা ও তোরণ নির্মাণসহ নানা সাজসজ্জায় উজ্জ্বল হয়ে উঠেছে চট্টগ্রাম।

দীর্ঘ ১০ বছর ৯ মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক এই পলোগ্রাউন্ডে আগামীকাল বক্তব্য রাখবেন। নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে। এ কারণে চট্টগ্রামের সংসদ সদস্য ও দলের নেতারা নিজ নিজ এলাকায় নিজেদের শক্ত অবস্থান প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। উপজেলা থেকে শহরের প্রতিটি অলিগলিতে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন গত এক মাস ধরে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দ্রুত পাল্টে গেছে বন্দরনগরীর চিত্র। পুরো নগরজুড়ে করা হয়েছে সাজসজ্জা, রাতে করা হচ্ছে লাইটিং। উৎসবের আমেজ শহরের প্রতিটি প্রান্তে।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে প্রশাসন। সাড়ে ৭ হাজার পুলিশ সদস্য জনসভার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপালিটন (সিএমপি) পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। এর মধ্যে নগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, জনসভা মঞ্চ ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়াও পলোগ্রাউন্ডের চারপাশে ও ভেতরে টহল দিচ্ছেন গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা।

জনসভার প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ক্ষমতা গ্রহণের ১০ বছর পর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ও স্থানীয় ইস্যু সম্পর্কে মুক্ত কণ্ঠে কথা বলবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে উৎসব বিরাজ করছে। শুধু শহরে নয়, উপজেলা থেকে শুরু করে গ্রামের মানুষও প্রধানমন্ত্রীকে এক পলক দেখতে ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে চলে আসবেন। তাই এই জনসভাকে সফল করে তোলার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিটি স্তরের নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

প্রচারণার ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ৪ ডিসেম্বরের জনসভাকে সফল করতে নগরজুড়ে আমাদের প্রচারণা চলছে। সারাদিন ট্রাকে করে প্রচারণা ও লিফলেট বিতরণ করছেন নেতাকর্মীরা। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে মানুষকে প্র্রধানমন্ত্রীর জনসভায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন নেতাকর্মীরা। আমাদের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সভা হচ্ছে। প্রতিদিন আমাদের নির্দিষ্ট ২৪ স্থানে ও সিএনজি অটোরিকশা নিয়ে মাইকিং হচ্ছে। ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে গত ১ ডিসেম্বর থেকে মাইকিং চলছে। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। এখন সাজসজ্জার কাজ চলছে। চট্টগ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ও বরণের জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে ৩০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। একইসাথে আরও চারটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনও করবেন তিনি।

সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের লালদীঘি মাঠে নির্মিত ৬ দফা মঞ্চসহ চট্টগ্রামের ১৮টি স্কুল–কলেজ ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আধুনিক জাতিসংঘ পার্ক এবং মেরিন একাডেমির আধুনিকীকরণসহ ৪টি প্রকল্পের। কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং রাউজান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া কোতোয়ালী থানাধীন দারুল উলুম আলীয়া মাদ্রাসার একটি ৬ তলা ভবন এবং সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুলে একটি ৫ তলা ভবন ও একটি ৪ তলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, একতলা সার্ভিস এরিয়া ও বৃষ্টির পানি সংরক্ষণসহ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে কোতোয়ালী থানাধীন গুল–এ জার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, চট্টগ্রাম সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবন, কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, মীরসরাই উপজেলার করেরহাট কে.এম. উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন, বোয়ালমারী উপজেলাধীন হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন এবং ডবলমুরিং থানাধীন সরকারি সিটি কলেজে ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হবে।

এছাড়া উদ্বোধন করা হবে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন সমপ্রসারণ এবং খুলশী থানাধীন সিএমপি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের সমপ্রসারণ কাজ। উদ্বোধন করা হবে নৌ–পরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘দুইটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (প্রতিটি ৫০০০ বিএইচপি/ ৭০ টন বোলার্ড পুল) টাগবোট সংগ্রহ’ শীর্ষক প্রকল্প ও ‘চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংগ্রহ’ শীর্ষক প্রকল্প।

প্রধানমন্ত্রী সেদিন একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি–আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন প্রকল্প, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মীরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষাঙ্গিক স্থাপনাদি নির্মাণ, চট্টগ্রামস্থ বিপিসি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...