গণমাধ্যমে ‘উপাচার্য শিরীণ আখতার আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত’ বলে মন্তব্য করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামীকে শোকজ চিঠি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
কারণ দর্শানোর ওই চিঠিতে বলা হয়, ‘গণমাধ্যমের একটি খবরে আপনাকে (হেলাল উদ্দিন নিজামী) উদ্ধৃত করে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পুরো কর্তৃপক্ষ দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই অনিয়ম হচ্ছে।’
চিঠিতে আরও বলা হয়, প্রমাণ ছাড়া ঢালাওভাবে এ ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে৷ এটি উপাচার্যের মানহানির শামিল। আগামী তিন কর্মদিবসের মধ্যে আপনার (হেলাল উদ্দিন নিজামী) এ ধরনের বক্তব্যের প্রমাণসহ ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, ঢালাওভাবে প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য ভিত্তিহীন। এ মন্তব্যর যথাযথ প্রমাণ ও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে হেলাল উদ্দিন নিজামী বলেন, চিঠির উত্তর তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরে মন্তব্য করবো।
ইউডি

