চট্টগ্রামের সাতকানিয়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
শনিবার সকালে উপজেলার ঢেমশা ইউপির নাপিতের চর এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, শনিবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় শাহজাহানের। এর কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির লোকজন এসে তাকে তুলে নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মারধর শেষে তাকে রাস্তায় ছেড়ে দেন।
শাহজাহানের বড় ভাই আহম্মদ ছফা বলেন, সকালে হঠাৎ শ্বশুরবাড়ির লোকজন এসে আমার ভাইকে তুলে নিয়ে যায়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। মারধর শেষে একপর্যায়ে তারা তাকে রাস্তায় ছেড়ে দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।
স্থানীয় ইউপি সদস্য আকতার কামাল বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার সকালেও ঝগড়া হয়। এর জেরে শ্বশুরবাড়ির লোকজন এসে শাহজাহানকে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানানো হলে মারধর করে ছেড়ে দেয়।
সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইউডি

