চট্টগ্রামের আনোয়ারায় ধারালো অস্ত্রের কোপে সুনীল কান্তি নাথ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রমোহন নাথের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। নিহত সুনীল কান্তি নাথ বারশত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রমোহন নাথের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুনীল তাঁর বাড়ির সামনে পুকুরপাড়ে গাছের ডাল কাটছিলেন। এ সময় তাঁর সঙ্গে প্রতিবেশী দিনমজুর পরিমল নাথও কাজ করছিলেন। কিছুক্ষণ পর অপরিচিত এক যুবক এসে তাঁদের সঙ্গে কাজ করতে চান। ভাত ও ১০০ টাকা মজুরির বিনিময়ে ওই যুবক কাজ করার জন্য রাজি হন।
পরিমল নাথ বলেন, ‘আমি ও সুনীল সকালে পুকুরপাড়ে গাছের ডালপালা কাটার কাজ শুরু করি। ওই সময় লোকটি এসে বলে, সেও কাজ করবে। কিছুক্ষণ কাজ করার পর ওই লোকের জন্য ভাত আনতে যাই। ওই সময়ই লোকটি তার হাতে থাকা দা দিয়ে সুনীলের ঘাড়ে কোপ দেয়।’
এদিকে সুনীলকে কোপানোর পর স্থানীয় লোকজন ওই যুবককে ঘিরে ফেলেন। এসময় তিনি স্থানীয় কয়েকজনকেও আঘাত করেন। পরে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘তিনি একেক সময় একেক কথা বলছেন। ধারণা করছি তিনি মানসিক ভারসাম্যহীন। বৃদ্ধের কাছে খাবার চাওয়ার পর সম্ভবত খাবার দিতে দেরি হওয়ায় ঘাড়ে কোপ দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি।’

