ফেসবুকে ধর্ম নিয়ে মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় নোয়াখালী জেলার এক স্কুল শিক্ষককে ৮ কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার (৪ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর এই রায় প্রদান করেন।
মঙ্গলবার (৫ জুলাই) রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী।
সাজাপ্রাপ্ত শিক্ষকের নাম দেবব্রত দাশ দেবু। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চৌমুহনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ফেসবুকে ধর্ম নিয়ে মন্তব্য করায় সাইবার ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় দেবব্রত দাশ দেবুকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলায় আসামির স্বীকারোক্তি এবং ৬ জন স্বাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৫ ও ২৮ অক্টোবর ফেসবুকে ধর্ম নিয়ে মন্তব্য করেন শিক্ষক দেবব্রত দাশ দেবু। এই ঘটনায় নোয়াখালীর হাতিয়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়ররা। ঘটনার দুই দিন পর পুলিশ দেবব্রত দাশ দেবুকে গ্রেপ্তার করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করে। ২০১৮ সালের ১০ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ মামলার অভিযোগ গঠন করেন এবং পরে মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়। সর্বশেষ সোমবার মামলার রায় প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল।

