পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
রোববার (৩ জুলাই) সকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় ধানা সার নামের একটি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জান যায়, দুর্ঘটনা কবলিত বাসটি ৩০ জনের বেশি যাত্রী নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বেলুচিস্তানের কোয়েটায় যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হলে হতাহতের ঘটনা ঘটে।
শেরানি জেলার সহকারী কমিশনার মাহতাব শাহ সংবাদমাধ্যমকে বলেন, ধানা সার নামের একটি এলাকার কাছে বাস দুর্ঘটনাটি হয়েছে। এতে এ পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১১ জন। বাস দুর্ঘটনার কথা শোনার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়। এরপর লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ শনাক্তের কাজ চলছে।
এ বিষয়ে ঝোব সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট নূরুল হক বলেন, আহত যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অনেকের অবস্থা এখনো গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

